কুয়েতে বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্টস (বিএমসি) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে।

বুধবার (২৫ নভেম্বর) সুবহান সেনানিবাসের বিএমসি সদর দপ্তর প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।


​অনুষ্ঠানে কুয়েত সশস্ত্র বাহিনী এবং এমওআই (MOI)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাচি, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে কমান্ডার বিএমসি, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, এনডিসি, পিএসসি তার স্বাগত বক্তব্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের গৌরবোজ্জ্বল তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি কুয়েতের মাটিতে বাংলাদেশি সেনাসদস্যদের অবদান এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্কের কথা উল্লেখ করেন।

​অনুষ্ঠানে কুয়েত সশস্ত্র বাহিনীর ডাইরেক্টর জেনারেল মোবিলাইজেশন ডাইরেক্টরেট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোলায়মান খালেদ ১৯৯১ সাল হতে অদ্যাবধি কুয়েত সশস্ত্র বাহিনীর জন্য বাংলাদেশি ডেপুটিগণের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনেও দুই দেশের সশস্ত্র বাহিনীর সু-সম্পর্ক আরও দৃঢ়তর হবে।

​দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস এবং বিএমসি টু কুয়েতের বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ডের ওপর একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শিত হয়। এর পাশাপাশি ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ১৯৯১ সাল থেকে বিএমসি’র ক্রমধারার ওপর একটি দর্শনীয় চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের কাছে ভিডিওচিত্র ও স্থিরচিত্র প্রদর্শনী উভয়ই বিশেষ আকর্ষণ সৃষ্টি করে এবং অনেকের স্মৃতিতে নাড়া দেয়।

​এছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘বিএমসি ম্যাগাজিন ২০২৬’-এর মোড়ক উন্মোচন করা হয়। সব মিলিয়ে সেনাবাহিনীর ঐক্য, শক্তি এবং জাতির প্রতি নিঃস্বার্থ সেবার প্রত্যয়ে দিনটি স্মরণ করা হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/আলাল/এসডি-২৯