সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ দুটি পৃথক বিষয় বলে জানিয়েছে ভারত।
বুধবার (২৫ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়।
তবে বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধ ভারত এখনো পর্যালোচনা করছে বলে জানান তিনি। জয়সওয়াল বলেন, ভারতের প্রচলিত প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করেই বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে এর বেশি বিস্তারিত জানাননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
গত দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্যও আবেদন করেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
তবে বাংলাদেশের সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, তাকে দেশে ফিরতে হলে ভারতের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আসতে হবে।
২০২৪ সালের ডিসেম্বর থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আদালতের রায়ের পরও এ দাবি পুনর্ব্যক্ত করা হয়।
অন্যদিকে, ভারত জানিয়েছে, বাংলাদেশের অনুরোধ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছর অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই মামলার অভিযোগ ও রায় প্রত্যাখ্যান করে আসছেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং প্রত্যর্পণ নিয়ে দুই দেশের অবস্থান ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনা তৈরি হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৮




