মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা। দিন ও রাত মিলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তীব্র গরম এবং রমজান মাসে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের।

বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, গরমের সময়টাতে বিদ্যুৎ যাওয়া-আসার মধ্যেই থাকে। এছাড়া একটু বাতাস বা বৃষ্টি হলে দীর্ঘসময় থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ জন্য অতিষ্ঠ গ্রাহকরা বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করছেন।


জানা গেছে, রোববার (১ মে) ভোর ৫টার দিকে বৃষ্টি এবং হালকা বাতাস হয়। এতে উপজেলার নার্সারি ফিডারসহ বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকায় রাত ১১টায় (এ রিপোর্ট লেখার সময়) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিষয়টি জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী উসমান গণির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, লোকবল সংকট থাকায় লাইন মেরামতে সময় লাগছে। তিনি এসময় আর কুলাউড়ায় থাকতে চান না জানিয়ে তার বিরুদ্ধে নিউজ করে কুলাউড়া থেকে তাকে সরানোর ব্যবস্থা করার ‘আবদার’ জানান এই প্রতিবেদককে।

এদিকে, ঘনঘন বিদুৎ বিভ্রাট ও নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহের দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন করেছে ব্রাহ্মণবাজারের বিদুৎ গ্রাহকবৃন্দ। মানববন্ধনে গ্রাহকরা পিডিবির নির্বাহী প্রকৌশলী উসমান গণি, প্রকৌশলী মফিজ খান, কর্মকর্তা আনসার আলীকে কুলাউড়া থেকে প্রত্যাহারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। অন্যতায় তারা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন।


সিলেটভিউ২৪ডটকম / অনি / ডি.আর