রাত পোহালেই মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ নতুন টুপি, পাশাপাশি ঈদের দিনের সুগন্ধি হিসেবে আতরের চাহিদা সবচেয়ে বেশি। তাই সবাই এখন ঈদ কেনাকাটার শেষ সময়ে ছুটছেন টুপি ও আতর কিনতে। ফলে ক্রেতাদের ভিড় বেড়েছে টুপি ও আতরের দোকানে। নির্দিষ্ট দোকানগুলোর বাইরে ফুটপাত থেকেও আতর-টুপি কিনছেন অনেকে।

 


সিলেট নগরীর বন্দরবাজারে টুপি ও আতরের দোকানগুলোতে তাই উপচেপড়া ভিড়। ব্যবসায়ীরা বলছেন, জমজমাট এ বেচাকেনা চলবে গভীর রাত পর্যন্ত।


বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেট, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট ও কালেক্টরেট জামে মসজিদ সংলগ্ন ফুটপাতের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, মোহনীয় সুগন্ধি আতর, নান্দনিক ডিজাইনের টুপি-তসবিহ ও জায়নামাজের বিশাল সমাহার নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এসব দোকানে ক্রেতারা পাচ্ছে ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও চীন থেকে আমদানি বিভিন্ন পণ্য। পাশাপাশি দেশের উৎপাদিত সামগ্রীও পাওয়া যাচ্ছে। তবে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে টুপি ও আতর।

এসব দোকানগুলোতে নানা ধরণের টুপি পাওয়া যাচ্ছে ১০০-১৫০০ টাকা দামের মধ্যে।


সিলেট নগরীর বন্দরবাজারে টুপি কিনতে আসা একজনের সাথে কথা হলে তিনি জানান, পরিবারের সবার জন্য জামা, জুতা সবই কিনেছেন। কিন্তু নিজের জন্য তেমন কিছুই কেনা হয়নি, তাই শেষ সময়ে এসে ঈদ উপলক্ষে একটি টুপি আর আতর কিনছেন।


সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিস/পিডি