ছবিঃ ফাইল ছবি।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে পাবনাবাসীর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এতে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগের সুবিধা পাবেন জেলার মানুষ।
উদ্বোধনী দিনে (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।
বৃহস্পতিবার বিকালে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দুপুর ২টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে।
অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকাল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দুটি। যাত্রাপথে উভয়দিকেই দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে।
পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, বৃহস্পতিবার বিকালে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর থেকেই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১১




