পর্যটকদের আগমনে মুখরিত সিলেটের নান্দনিক পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার পর্যটক এখানে ঘুরতে আসছেন। তাদের নিরাপত্তা দিতে তৎপর রয়েছে প্রশাসন। 


সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের ৩টি টিম কাজ করছে। সেই সাথে ডিবি পুলিশও মাঠে রয়েছে। প্রতিদিন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করছেন। কোথাও কোন অনিয়ম হলে তাৎক্ষণিক পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে।



শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণ করতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী, ডিবি পুলিশের ওসি রেফায়েত উল্লাহ চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনী সাদা পাথর এলাকা পরিদর্শন করছেন।


পর্যটকদের সাথে কথা বলে জানা গেছে, সাদা পাথর এলাকায় কোন হয়রানির শিকার হচ্ছেন না। তবে কেউ কেউ বলেছেন নৌকা পেতে অনেক সময় লাগছে। সহজে নৌকায় যেতে পারলে ভ্রমণ আরো আনন্দদায়ক হতো।


কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, শনিবার পুলিশ ও ডিবিসহ ৪টি টিম মাঠে ছিল পর্যটকদের নিরাপত্তা দিতে। পর্যটকদের সর্বোচ্ছ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।


কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং জানান, পর্যটকদের নিরাপত্তায় পর্যটন স্পটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মূল স্পটসহ নিরাপত্তা বলয়ে পুলিশের ৩টি টিম সক্রিয় রয়েছে। এছাড়া বিজিবি সদস্যরা  তৎপর রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৩৪