ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দু’পক্ষের চরম উত্তেজনা দেখা দিয়েছিলো। তবে পুলিশের হস্তক্ষেপে সে পরিস্থিতি শান্ত হয় এবং ষাঁড়ের লড়াই বন্ধ করে দেয় পুলিশ।  

জানা যায়, মঙ্গলবার (১০ মে) বিশ্বনাথ পৌরসভা এলাকার হরিকলস গ্রামের পূর্বের মাঠে একটি ষাঁড়ের লড়াইর আয়োজন করেন স্থানীয় মোশাহিদ আলী মাসুক মিয়া। এতে আপত্তি করেন আব্দুল জব্বার কালা মিয়া। এ নিয়ে তাদের দুজনের সমর্থকদের মধ্যে উত্তেজনা এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। 


কালা মিয়ার অভিযোগ, গত ৭ মে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামের পশ্চিমের মাঠে তিনি ষাঁড়ের লড়াইর আয়োজন করলে অদৃশ্য কারণে এই লড়াইটি পুলিশ বন্ধ করে দেয়। কিন্তু মোশাহিদ আলীরা লড়াইয়ের আয়োজন করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তাই কালা মিয়ার সমর্থকরা এ লড়াই ঠেকাতে অবস্থান নেন।

এদিকে, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে কঠোর অবস্থান নেয় বিশ্বনাথ থানাপুলিশ এবং ষাঁড়ের লড়াই বন্ধ ঘোষণা করে।  

বিষয়টি মঙ্গলবার বিকেলে সিলেটভিউ-কে নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান।  


সিলেটভিউ২৪ডটকম / ডালিম