সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পর্যটন এলাকা জিরো পয়েন্ট। দেশব্যাপি ‘মিনি কক্সবাজার’ নামে সুপরিচিত এই পয়েন্টে গলার কাঁটার মত দাঁড়িয়ে আছে খাদ্য গুদাম। 

 


জিরো পয়েন্ট ও হজরত গোলাপ শাহ (রঃ) মাজার এলাকায় নির্মিত এই খাদ্য গুদামটি কখনোই কোন কাজে আসেনি। 

 

জানা যায়, ১৯৮০ সালে সরকারি খাদ্য মজুদের জন্য গুদামটি নির্মান করে এলজিইডি। কিন্তু নির্মানকাজ নিম্নমানের হওয়ায় খাদ্যদপ্তর তা গ্রহন করেন নি। সেই থেকে এটি অব্যবহৃত অবস্থা পড়ে আছে। বছরের পর বছর অতিবাহিত হয়ে গুদামটির অবকাঠামো আরও দুর্বল হয়ে পড়েছে। এক পর্যায়ে এটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও তা স্থায়ীভাবে উচ্ছেদের কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

 

ঝুঁকিপূর্ণ গুদামটির সামনেই জিরো পয়েন্টের মূল কেন্দ্র। চোখের সামনেই ঝুকিপূর্ণ ভবন দেখে পর্যটকরা ভয় পেয়ে যান। বহুবছর থেকে ভবনটি সরানোর দাবি উঠলেও কার্যত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

 

গেল মঙ্গলবার সকালে ধ্বসে পড়ে ভবনের দেয়াল। এ সময় এখানে গাড়ি ও মানুষ না থাকায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ভেঙে যায় মাজারের দানবক্স। 

 

এ ব্যাপারে ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইস চৌধুরী সিলেটভিউ’কে বলেন, অন্যান্য সময় এখানে জনসমাগম থাকে। আল্লাহর রহমতে দেয়াল ধসে পড়ার সময় এখানে কেউ ছিলেন না। দেয়াল ধসে পড়ে মাজারের রাস্তা বন্ধ হয়ে গেছে।

 

তিনি বলেন, এখন এখানে পাহারাদার রাখা হয়েছে। কর্তৃপক্ষ যেন দ্রুত এটাকে নিরাপদে ভেঙ্গে ফেলেন এই আহবান করে তিনি বলেন, এটি যদি অন্য কোন পাশে  ভেঙ্গে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে।

 


সিলেটভিউ২৪ডটকম/এফইউ/পিডি/এসডি-২৬