সিলেটের জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল থেকে নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটছে। নিখোঁজ কিশোরীর নাম মাহফুজা জামান রিহা (১৫)। এ ঘটনায় নিখোঁজ কিশোরীর মা আফিয়া আক্তার জিডি করলেও পরবর্তীতে ৩ জনের নাম উল্লেখ করে জৈন্তাপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার ১০ দিন পার হলেও হদিস মিলেনি রিহার।
মাহফুজা জামান রিহা সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরেরমাটি (পশ্চিম চটি) গ্রামের বাসিন্দা প্রবাসী নুরুজ্জামানের মেয়ে।
মামলায় আসামিরা হলেন সিলেট নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা আফতাবুল হক বাবুল (৪৮), তার স্ত্রী খাদিজা আক্তার সুমি (৪১) ও তাদের ছেলে মোঃ সোহানুর রহমান সোহান (২২)। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৩-৪ জনকে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মাহফুজা জামান রিহা জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। সে গত ৯ মে অনুমান বিকেল তিন ঘটিকায় নিয়মিত কোচিং ক্লাসে এ যাওয়ার উদ্দেশে জৈন্তাপুর থানাধীন ঘাটেরচটি তামাবিল মহাসড়কের পাশে চিকনাগুল মাদ্রাসা গেইটের সামনে গাড়ির জন্য অপেক্ষারত ছিল। এসময় সোহানুর রহমান সোহান ও তার সহযোগী অজ্ঞাত আরও ৩-৪ জন একটি প্রাইভেট কারে করে রিহাকে অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিদ মিয়া জানান, অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমকে উদ্ধারের প্রচেষ্টা চলছে। এ ঘটনায় যারা জড়িত রয়েছেন সবাইকে আইনের আওতায় আনা হবে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




