হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুর গ্রামে টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) রাত নয়টার দিকে গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাগর আহমেদ ওই গ্রামের মৃত সফিক মিয়ার পুত্র।


 

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, সাগর আহমেদ নামে ওই যুবক সারাদিন টমটম চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে। পরে সে তার টমটমটি গ্রামের একটি গ্যারেজে চার্জ দিতে যায়। এসময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।

 

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।


সিলেটভিউ২৪ডটকম/পিডি