হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল পশ্চিম হাটি এলাকায় বাড়ির সীম-সীমানা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২১ মে) বিকেলে ওই এলাকার পশ্চিমের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ আলেক জামান খান ওরফে আবু মিয়া (৭০)।
সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। তিনি জানান, একই এলাকার সাইদুর রহমান চৌধুরী ও মজনু চৌধুরীসহ তাদের লোকজনের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল নিহত আবু মিয়ার। এরই জেরধরে তুচ্ছ ঘটনা নিয়ে আবু মিয়ার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে প্রতিপক্ষরা। এক পর্যায়ে তারা উত্তেজিত বৃদ্ধ আবু মিয়াকে উপর্যপুরি লাথি, কিল ও ঘুষি মারতে থাকে।
এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিথঙ্গল পুলিশ ফাড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাইদুর রহমান চৌধুরী, মজনু চৌধুরী, রাজু চৌধুরী ও নাইম চৌধুরীকে আটক করা হয়েছে। তারা বর্তমানে বানিয়াচং থানা হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




