সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সচাপায় এক বৃদ্ধ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালিক (৬৫) মৌলভীবাজার সদর থানার বাউলবাগ গ্রামের মৃত সােয়াব উল্লাহর ছেলে।
ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিলেটভিউ-কে জানান, আব্দুল মালিক দুইদিন আগে ওসমানী হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। একটি পরীক্ষা করানোর জন্য সোমবার বেলা ২টার তাকে নিয়ে স্বজনরা হাসপাতালের নিচে নামেন। আব্দুল মালিককে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে একটি গাছের নিচে দাঁড় করিয়ে রেখে গাড়ি আনতে গেলে একটি অ্যাম্বুলেন্স ব্যাক গিয়ার দিয়ে ঘুরানোর সময় আব্দুল মালিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জানা যায়, অ্যাম্বুলেন্সটি 'আল মদিনা অ্যাম্বুলেন্স সার্ভিস' নামক প্রতিষ্ঠানের। যিনি অ্যাম্বুলেন্স চালিয়ে ওই বৃদ্ধ রোগীকে চাপা দেন তার নাম সজিব আহমদ। তিনি মূল চালকের সহকারি। চালকের অনুপস্থিতিতে অ্যম্বুলেন্সটি চালাতে গিয়েছিলেন সজিব।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, পুলিশ অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। তবে সজিব আহমদ পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
এদিকে, অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা বা এ মৃত্যুর ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিবেন কি-না এসব বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি নন নিহত আব্দুল মালিকের ছেলে কামরুল রহমান।
মুঠোফোনে কল দিলে সিলেটভিউ-কে তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি কোন প্রতিষ্ঠানের তা আমি জানি, কিন্তু বলবো না।
একটি সূত্র জানিয়েছে, মৃত্যুর বিষয়ে 'আল মদিনা অ্যাম্বুলেন্স সার্ভিস' নামক প্রতিষ্ঠানটি নিহতের স্বজনদের সঙ্গে আপসের চেষ্টা চালাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




