সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ প্রাঙ্গনে মঙ্গলবার দুপুরে (২৪ মে) ছাত্রলীগের দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন গ্রুপের মধ্যে ওই হামলা-পাল্টা হামলার ঘটনা সংগঠিত হয়। হামলা-পাল্টা হামলার পর পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে রুকন গ্রুপের নেতাকর্মীরা।
হামলা-পাল্টা হামলায় আহতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, ইব্রাহিম আলী, রাজু মিয়া, জাহেদ আহমদ, আসলাম আলী। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মাসুদ আহমদ রিপনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকীরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।
এদিকে মঙ্গলবারের এঘটনার পূর্বে গত ৩১ মার্চ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। মাত্র দু’মাসের মধ্যেই কলেজ ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় চরম উত্তেচনা ও আতংঙ্ক বিরাজ করছে।
বহিরাগতদের সাথে নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন তাদের উপর হামলা করেছেন বলে দাবী করে বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে উপজেলা সদরে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল ছিলো। আর ওই মিছিলে যোগ দিতে উপজেলা সদরে যাওয়ারর জন্য কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগ নেতাকর্মীরা সমবেত হন। ঠিক এসময়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন কয়েককটি মোটর সাইকেল যোগে বহিরাগতদের সাথে নিয়ে কলেজ প্রাঙ্গণে আমাদের উপর হামলা করেন। এতে আমাদের পক্ষের ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে সুয়েব আহমদ (২৪) নামের বহিরাগত একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সুয়েব আহমদ উপজেলা ছাত্রলীগের কমিটির সম্পাদক গ্রুপের বলে জানান তিনি (রুকন)।
ঘটনাটি বিচ্ছিন্ন দাবী করে উপজেলা ছাত্রলীগের সাধারণ মোবারক হোসাইন বলেন, তিনি শীঘ্রই উপজেলা ছাত্রলীগের সম্পাদক থেকে পদত্যাগ করবেন। আর ঘটনাটি নিয়ন্ত্রনে আনতে গিয়ে তিনিও কিছুটা আহত হয়েছেন বলে দাবি করেছেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ছাত্রলীগের মধ্যে হামলা চলছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ। এসময় একজনকে আটক করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০২




