যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব অব মিশিগান-এর নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে কন্ঠভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন ঠিকানা পত্রিকার মিশিগান প্রতিনিধি সৈয়দ শাহেদুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুপ্রভাত মিশিগান-এর নির্বাহী সম্পাদক মো. মোস্তফা কামাল।
স্থানীয় সময় রোববার বিকালে (২৯ মে) হ্যামট্রামিক শহরের বাংলাদেশ এভিনিউয়ের কাবাব হাউজে প্রেস ক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আহবায়ক সৈয়দ শাহেদুল হক। সভা পরিচালনা করেন সদস্য সচিব রোটারিয়ান শামীম আহছান।
পরে আহবায়ক কমিটি বিলুপ্ত করে নির্বাচন পরিচালনার দায়িত্বে দেওয়া হয় সিনিয়র ৩ সাংবাদিককে। তারা সবার মতামতের ভিত্তিতে কন্ঠ ভোটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করে ২০২২-২০২৩ সালের জন্য এক বছর মেয়াদী ১৩ সদস্যের কার্যকরি কমিটি গঠন করেন।
কমিটির সহসভাপতি নির্বাচিত হন আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ও মিশিগান প্রতিদিনের সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ঢাকাপোস্ট মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক মানবকন্ঠের সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক টিবিএন-২৪ এর মাহফুজুর রহমান।
কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হন দৈনিক খোয়াই-এর সম্পাদক শামীম আহছান, এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিম্ময় আচার্য, দেওয়ান কাওসার ও জনকন্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন।
পরে প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকেরা প্রবাসীদের মুখপাত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য শপথ করেন। শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি সৈয়দ শাহেদুল হক।
এদিকে নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ সকল কর্মকর্তাকে ফেসবুকে ও ফোন করে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রসঙ্গত, গেল বছর ১৫ আগস্ট বাংলা প্রেস ক্লাব মিশিগান-এর যাত্রা শুরু হয়। ওই কমিটির সভাপতি ও সেক্রেটারি সাড়ে ৫ মাসেও ক্লাবের গঠনতন্ত্র- উপহার দিতে পারেননি। ক্লাবের কোনো কার্যক্রম না থাকায় সেই কমিটি ভেঙ্গে এ বছরের ১২ মার্চ আহবায়ক কমিটি গঠন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/টিআরসি/এসডি-০৮




