মৃত্যুর সাথে ৬ দিন পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছেই হার মানতে হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর পুত্র ও দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শেখ মো. গয়াছ উদ্দিন (৬২)’কে।
গত শনিবার (২৮ মে) রাত ১০টার দিকে স্থানীয় পীরেরবাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথিমধ্যে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন গয়াছ উদ্দিন।
এরপর গুরুত্বর আহত অবস্থায় গয়াছ উদ্দিনকে স্থানীয় লোকজন ও তার স্বজনরা চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আজ শুক্রবার (৩ জুন) সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ নেতা গয়াছ।
বৃহস্পতিবার (২ জুন) হামলার ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা গয়াছ উদ্দিনের পুত্র মাজেদ আহমদ (২২) বাদী হয়ে প্রতিপক্ষের ২০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ গয়াছ উদ্দিন গংদের সাথে দীর্ঘদিন ধরে বরুণী গ্রামের ঈদগাহের উন্নয়ন কাজসহ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বরুণী গ্রামের মৃত জমির আলী উরফে জমরুশের পুত্র মাসুক মিয়া গংদের বিরোধ চলে আসছে। চলছে একাধিক মামলা-মোকাদ্দমাও। এসব পূর্ব বিরোধের জের ধরে গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে স্থানীয় পীরেরবাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজনদের হামলায় গুরুত্বর আহত হন শেখ গয়াছ উদ্দিন। আর শুক্রবার (৩ জুন) সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৫




