কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গবাদিপশু পালনের সুফলভোগী খামারিদের নিয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুন) দুপুরে উপজেলার সুফলভোগী খামারিদের আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্প নিয়ে সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গোলাম মোহাম্মদ মেহেদীর পরিচালনায় প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে ‘বেকারত্ব ও দারিদ্রের অবসান, গরু হৃষ্টপুষ্টকরণ একটি অন্যতম সমাধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
প্রধান অতিথি ডা. মো. আব্দুস ছামাদ তার বক্তব্যে গবাদিপশু লালন-পালনে খামারিদের সচেতনতার উপর গুরুত্বারোপ করে উন্নত জাতের গবাদিপশু পালনে উৎসাহিত হওয়ার পরামর্শ দিয়ে বলেন, এতে খামারিরা দুধ ও মাংসের পরিমানে লাভবান হতে পারবেন। বর্তমান শেখ হাসিনা সরকারের দূরদর্শীতার কারণে আজ পশু সম্পদ খামারিদের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে গরু আমদানি করতে হয় না।
তিনি স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ের ডাক্তারদের পরামর্শে পশু সম্পদের উৎপাদন আরও বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব ও দারিদ্রের অবসানে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন খামারি ও সুফলভোগীরা অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২১




