ছবি : ইদ্রিছ আলী
সিলেট মহানগরীতে চারদিন শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত মহানগরীর স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ৩৪৮টি কেন্দ্রে চলবে চারদিনের এ ক্যাম্পেইন।
এ চারদিনে বর্ধিত ওয়ার্ডগুলোসহ সিলেট সিটি করপোরেশন এলাকার মোট ৮৩ হাজার ৯৬৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। খাওয়ানো হবে ৬ থেকে ১১ মাস বয়েসি এবং ১২ থেকে ৫৯ মাস বয়েসি শিশুদের।
বৃহস্পতিবার (৯ জুন) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানিয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন।
বিকাল ৪টায় নগরভনের হল রুমে মতবিনিময়কালে ডা. জাহিদ আরও জানান, ৪ দিনব্যাপী এ কার্যক্রম সফলের লক্ষ্যে সিসিকের স্বাস্থ্য বিভাগের ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ৬৯৬ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।
তিনি জানান, এ ক্যাম্পেইন সফলের লক্ষ্যে মসজিদে মসজিদে জানানো এবং মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে সিসিক। তারপরও যদি কোনো অসুবিধার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো সম্ভব না হয় তবে আরও ৩ দিন ‘সার্চিং প্রোগ্রাম’ করে নির্দিষ্ট বয়েসি শিশুদের খুঁজে বের করে তা খাওয়ানো হবে। এছাড়াও আরও ১৫ দিন মহানগরীর ইপিআই (Expanded Program on Immunization অর্থাৎ- টিকাদান সম্প্রসারিত) কেন্দ্রগুলোতে ভিটামিন এ ক্যাপসুল রাখা হবে- যাতে কোনো শিশু এ থেকে বঞ্চিত না হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বক্তব্যকালে তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




