প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় এক যুবককে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ৷
জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউপির কারগ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনের ছেলে মনির আহমদ (৩৮) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হতে সিলেট-৪ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের ছবি ব্যবহার করে একটি পোস্ট দেন। তিনি ওই ছবিতে মন্ত্রী সর্ম্পকে কটুক্তি করায় দ্রুত তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা উপজেলার বিড়াখাই গ্রামের হোসেন হায়দারের ছেলে সাব্বির আহমদ রানা (২৬) বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় সাইবার সিকিউরিটি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।
এদিকে মামলা দায়ের পর জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর সোবহানিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মনির আহমদকে আটক করে।
মামলার বাদি সাব্বির আহমদ বলেন, মনির একটি গোষ্টির মদদে মন্ত্রীর সম্মান ও সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে ৷ তাকে আইনের আওতায় নিয়ে আসতে মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ছাত্রলীগ নেতা দায়ের করা মামলায় সিলেট শহর হতে মনিরকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জুন) সকাল এগারোটায় মনিরকে বিশেষ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




