সুনামগঞ্জের দোয়ারাবাজারে শরুপা বেগম (৩৫) নামের তিন সন্তানের জননীর ওপর এসিড হামলার অভিযোগ পাওয়া গেছে।

 


তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউরা গ্রামের সৌদিআরব প্রবাসী মোজাম্মেল হকের স্ত্রী। মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন।

 

জানা যায়, বৃহস্পতিবার (৯ জুন) রাত ৮টার দিকে নিজ বাড়ির টিউবওয়েল থেকে পানি আনার সময় তিনি এসিড হামলার শিকার হন। তার মুখ ও চোখে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। ওই রাতেই তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। বাড়িতে তার স্ত্রী শরুপা বেগম, তিন সন্তান ও তার মা বসবাস করেন।  বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রান্নাঘরের পাশের টিউবওয়েল থেকে পানি নিয়ে ঘরে ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তার মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালো প্রেরণ করেন।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। বোতলটিতে এসিড জাতীয় তরল পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে। সেটি পরীক্ষা করে দেখা হবে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-০৫