ফের বন্যার অশনি সংকেত। অব্যাহত ভারি বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জের নদ-নদীগুলোর পানি বাড়ছে দ্রুত। কয়েকটি পয়েন্টে সুরমার পানি ইতোমধ্যে বিপৎসীমা পার হয়েছে। গেল মাসের ভয়াবহ বন্যা পরিস্থিতি সামলে উঠার আগে ফের বিপর্যস্ত হতে চলেছে সিলেটের সার্বিক পরিস্থিতি।


সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রাপ্ত তথ্য বলছে, গেল কয়েকদিন ধরে সুরমা, কুশিয়ারাসহ সিলেটের বিভিন্ন নদীর পানি বেড়ে চলেছে। এ মাসে এখন পর্যন্ত কোন নদীর পানি বিপৎসীমা না ছাড়ালেও বুধবার (১৫ জুন) দুটি পয়েন্টে তা ছাড়িয়েছে। এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে।


পাউবোর তথ্য বলছে, গতকাল মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা ৬.০০টায়  সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ছিল ১২.৭২ মিটার। আজ বুধবার (১৫ জুন) বেলা ১২.০০টায় পানিসীমা দাঁড়ায় ১৩.৭৯ সেন্টিমিটারে। অর্থাৎ এই পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

এছাড়াও সারি নদীতেও পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

অন্যান্য নদনদীগুলোতে গতকাল থেকে খুব দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে। অল্প সময়ের ব্যবধানে সেগুলোও বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পাউবো সিলেট।


গত কয়েকদিন দেশে ও ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি মঙ্গলবার কমলেও বুধবার (১৫ জুন) সকাল থেকে আবারও বৃদ্ধি পেয়েছে। সেখানে সুরমার পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।  পানিতে সড়ক ডুবে থাকায় জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।


টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম।

তিনি আরও জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/পিডি