ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট। বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ। টানা বৃষ্টিপাত আর উজানি ঢলে ইতোমধ্যেই সিলেটের সব কটি অঞ্চল বন্যায় প্লাবিত। পানিবন্দি থেকে জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। প্রাকৃতিক দূর্যোগের এই ভয়াবহ সময়ে ফের মানুষের পাশে দাঁড়িয়েছেন '২৪ ঘন্টার রাজনীতিবিদ' হিসেবে খ্যাত শফিকুর রহমান চৌধুরী।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের ক্ষতিগ্রস্ত এলাকা ও আশ্রয়কেন্দ্রে সহায়তা নিয়ে ছুটে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার বন্যায় ভয়াবহ বিপর্যস্ত সিলেটের জনপদ। বন্যার্তদের সহায়তায় ব্যক্তিগত উদ্যোগে রান্না করা, শুকনো খাবার, মোমবাতি ও নগদ অর্থ নিয়ে বিভিন্ন উপজেলায় যাচ্ছেন তিনি।
এর ধারাবাহিকতায় রবিবার বিকেলে রান্না করা ও শুকনো খাবার, মোমবাতি এবং নগদ অর্থ নিয়ে বিশ্বনাথ লামাকাজী ইউনিয়নের বিভিন্ন বন্যা আশ্রয়কেন্দ্র ও বন্যা কবলিত আশপাশ এলাকায় যান তিনি। এসময় এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মানবিক কাজে ও অসহায় মানুষের সাহায্যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তিনি এই দূর্যোগকালে বরাবরের মতো প্রবাসীদের বন্ধু হয়ে এগিয়ে আসার আহবান জানান।
এসময় সাথে ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম আহমদ, আওয়ামী লীগ নেতা অতুল দেব, ফয়সল আহমদ, যুবনেতা কবিরুল ইসলাম কবির, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, মারুফ আহমদ প্রমুখ।
আগামী কয়েকদিন তিনি বন্যাদুর্গত এলাকায় সহায়তা কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম / পিডি /ইআ




