সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যার প্রস্তুতি আমাদের ছিলো। আমি আগেই নির্দেশ দিয়েছি খাদ্যগুমদামের ক্ষতি যেনো না হয়। পাশাপাশি খাদ্য বের করার রাস্তা যেনো থাকে। হাওর অঞ্চলে এলিভেটেড রাস্তা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন- এভিভেটেড রাস্তা হলে হাওরের কোনো ক্ষতি হবে না। এজন্য আমরা সচেষ্ট রয়েছি।
তিনি মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন- বন্যায় ঘাবড়ানোর কিছু নেই। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে এ দেশের মানুষ বসবাস করে। সরকার আপনাদের পাশে আছে। সব সময় আপনাদের পাশে থাকবে। বন্যার কারনে অনেক জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারনে আমরা সেনা, নৌ, বিমান বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। উদ্ধার কাজ চালাতে সবাই কাজ করেছে। বিশেষ করে দলীয় নেতাকর্মীরাও নিরলস চেষ্টা করেছেন। বিদ্যুৎ কেন্দ্র উচুতে করলে লাভ হবে না। আমাদের যুবলীগের কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সেজন্য বন্যার্ত এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী পরে সিলেট, সুনামগঞ্জের জেলা প্রশাসকের হাতে তার পক্ষ থেকে সিলেট ও সুনামগঞ্জবাসীর জন্য ত্রান সহায়তা তুলে দেন।
বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, সিটি মেয়র, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য শুনেন প্রধানমন্ত্রী।
প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
একে একে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহ সভাপতি আশফাক আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন হোসেন, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/ইআ




