পানি বেড়েই চলছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। বন্যার সার্বিক অবস্থায় ভয়াবহতা বাড়ছে। ইতিমধ্যে উপজেলার প্রায় ৫৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
এই দুর্যোগে উপজেলার বন্যা আক্রান্ত বাড়িঘর ও আশ্রয় কেন্দ্রগুলোতে পৌঁছাচ্ছে সরকারি -বেসরকারি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নানা সহায়তা।
উপজেলা ৫টি ইউনিয়নেই আশ্রয় কেন্দ্র খোলে আশ্রয় দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষদের। অন্যদিকে বন্যা পরিস্থিতিতে সরকারি বরাদ্দ নিয়ে তথ্য বিভ্রাট ঘটেছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিলেটভিউকে বলেন, সরকারি বরাদ্দ এসেছে ১ লাখ টাকা পরে রাতে আলাপ করলে জানান ১ লাখ নয় ১০ লাখ টাকা। আর ২০ মেট্রিকটন চাল। এই নিউজ প্রকাশের পর তথ্য বিভ্রাট পাওয়া যায়।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন ও পিআইও বাধন কান্তি সরকার নিশ্চিত করেন বরাদ্দ সাড়ে ৩ লাখ টাকা ও ২৬ মেট্রিকটন চাল এসেছে।
এ ব্যাপারে আবার কথা বলতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে মুঠোফোনে কল দিলে তিনি ধরেন নি।
অন্যদিকে দেখা যায়, বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন উপজেলা আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীরা। সেই সাথে ব্যক্তি ও পারিবারিক উদ্যোগে সহায়তা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মানুষ।
অন্যদিকে ক্রমাগত পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ সরকারের উপ-কেন্দ্র এখনো চালু করা যায়নি, বিকল্প ব্যবস্থায় ফেঞ্চুগঞ্জ পালবাড়ি থেকে বিদ্যুৎ সরবরাহ চলছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ ফেঞ্চুগঞ্জের এজিম এ. এম মাহবুবুল হাসান।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-১১




