সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য পাঁচ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী পাঠিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

 


বুধবার বিকেলে নগর ভবন থেকে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দুটি ট্রাকে করে এসব খাদ্যসামগ্রী নিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেন।

 

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে দুই কেজি চিড়া, এক কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি, এক প্যাকেট বিস্কুট, ২০ প্যাকেট খাবার স্যালাইন, ২৫০ গ্রাম খাগড়াই (নকুল দানা), ওষুধ, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি।

 

ত্রাণের অপেক্ষায় বানভাসি মানুষ। গতকাল সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সামনে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন, সচিব মো. মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন প্রমুখ।

 

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্যসামগ্রী বিতরণের জন্য সিলেট ও সুনামগঞ্জে গেছেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মমিন, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক।

 

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতা–কর্মীদের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। এই দুর্যোগকালে সমাজের বিত্তবান মানুষদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

 

দেশের মানুষের যেকোনো সংকটে আওয়ামী লীগ সব সময় পাশে থাকে মন্তব্য করে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘করোনাকালীন সংকটে আমরা দলীয়ভাবে মানুষের পাশে ছিলাম। এভাবেই আগামীতেও দেশের যেকোনো সংকট ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকব।’

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৩৬


সূত্র : প্রথমআলো