বেআইনিভাবে গাছ কাটাকে কেন্দ্র করে সিলেটের তারাপুর বাগানে চা শ্রমিকরা বিক্ষোভ পালন করেছেন। এসময় কর্মবিরতি পালনের ঘোষণা দিলে বাগান ম্যানেজারের আশ্বাসে আগামীকাল (রবিবার) পর্যন্ত সময় বেঁধে দিয়ে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে তারা। শনিবার (২৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। 

চা শ্রমিকরা অভিযোগ করে জানান, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি কারো অনুমতি নিয়ে শনিবার সকালে চা বাগানের একটি বটগাছ শ্রমিক দিয়ে কাটানো শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে বাগানের চা শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় চা শ্রমিকরা কর্মবিরতি শুরু করে বিক্ষোভ প্রদর্শন করেন।


খবর পেয়ে বাগানের ম্যানেজার সেখানে উপস্থিত হয়ে ঘটনাটি বাগান কর্তৃপক্ষ ও পঞ্চায়েত প্রধানকে জানান। পরে বিষয়টি দ্রুত দেখে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন। 

আন্দোলনকারীদের মধ্য থেকে সঞ্জিব নামের এক চা শ্রমিক সিলেটভিউ-কে জানান, আমরা প্রথমে গিয়ে গাছ না কাটতে নিষেধ করি। এসময় গাছ কাটতে আসা শ্রমিকরা বলেন- ম্যানেজারের অনুমতি নিয়ে তারা গাছ কাটছেন। এ কথা বলে তারা গাছ কাটা অব্যাহত রাখেন। তবে ম্যানেজার বিষয়টি অস্বীকার করলে আমরা গাছ কাটার প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকি। এসময় বাগান কর্তৃপক্ষ ও পঞ্চায়েত কমিটির সঙ্গে কথা বলে ম্যানেজার আমাদের বিষয়টি দেখে দেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা কর্মসূচি স্থগিত করি। তবে আগামীকাল (রবিবার) বিষয়টির সমাধান না করলে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করবো। 

সঞ্জিব আরও বলেন, কিছুদিন পরপরই প্রভাবশালীরা বাগানের গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। বিষয়টির স্থায়ী সমাধান হওয়া দরকার। 

বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তী সিলেটভিউ-কে বলেন, আমি এক অসুস্থ আত্মীয়কে নিয়ে হাসপাতালে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করি এবং বাগান কর্তৃপক্ষ ও পঞ্চায়েত কমিটির সঙ্গে কথা বলে আগামীকাল (রবিবার) বিষয়টি সমাধানের আশ্বাস দেই। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাগানের গাছ কাটতে গেলে একাধিক অফিসিয়াল অনুমতি লাগে। অবৈধভাবে কেউ বাগানের গাছ কাটতে পারে না। আমরা খোঁজ নিয়ে দেখবো কে বা করা গাছ কাটা শুরু করেছিলো। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম