বন্যার্তদের জন্য সরকারি অনুদানের চালের বন্টন নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল ও তার লোকদের হামলায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ডের সদস্য সাইদ আহমদ খছরু গুরুতর আহত হয়েছেন।
আহত খছরু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় দিরাই শ্যামারচর সড়কের রাজানগর ও কালীনগর গ্রামের মধ্যবর্তী সুরমা বাজার নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
আহত ইউপি সদস্য সাইদ আহমদ খছরু জানান, প্যানেল চেয়ারম্যান নির্বাচনসহ বিভিন্ন অনিয়ম নিয়ে চেয়ারম্যানের সাথে তাঁর বিরোধ চলছিল।
তিনি বলেন, সরকারি অনুদান ১০ টন আসছে। চেয়ারম্যানে ব্যক্তিগত ৩ টন নিছে। ৭ টন আমরা ১০ জনরে ভাগ কইরা দিছে। শনিবারে সন্ধ্যার কিছু আগে লিস্ট নিয়ে আমি অফিসে যাচ্ছিলাম। পথে চেয়ারম্যানের সাথে দেখা হলে আমাকে ইশারা করে থামায়। আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম। কিছুসময় পর চেয়ারম্যানের ভাই আতা, রয়েল, আজাহারসহ ১০-১২ জন লোক সেখানে আসে। প্রথমে চেয়ারম্যান আমাকে মারতে শুরু করে। সঙ্গে সঙ্গে বাকিরাও আমাকে রড দিয়ে পিটিয়ে পানিতে ফেলে দেয়।
৭নং ওয়ার্ডের সদস্য গোলাপ মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় অনিয়ম নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ হয়েছে।
দিরাই থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ঘটনার প্রতিবাদে রবিবার স্থানীয় ফাতেমানগর মাদ্রাসায় বৈঠক শেষে বিক্ষোভ মিছিল করেছে এলাকার লোকজন।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-৩৫




