মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বন্যাদুর্গতদের জন্য মৌলভীবাজার জেলা পরিষদ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রীর উপহার বিতরণ করা হয়েছে।

 


রবিবার (৩ জুলাই) দুপুরে শহরের জেলা পরিষদের আধুনিক ডাকবাংলো মাঠে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

 

বিতরণকালে মিছবাহুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্যোগপূর্ণ এলাকার জনগণের মাঝে পর্যাপ্ত পরিমাণের ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় ৪ হাজার ৮শ পানিবন্দি পরিবারকে প্রতি পরিবারের জন্য ৫ কেজি করে চালের প্যাকেট বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার জনপ্রতিনিধিদের নিকট দুর্গতের মধ্যে বন্টনের জন্য ত্রাণের প্যাকেট প্রদান করেন।

 

এছাড়া উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগকে বানভাসিদের মধ্যে বিতরণের জন্য পৃথক ৬০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেন তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদরসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

অপরদিকে, একইদিনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর উদ্যোগে উপজেলার কাদিপুর ও ভূকশিমইল ইউনিয়নের বন্যাকবলিত ৫ শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রীর উপহার বিতরণ করা হয়।

 

রবিবার (৩ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর সহযোগিতায় উপজেলার কাদিপুর ও ভূকশিমইল ইউনিয়নের ৫ শতাধিক মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম।

 


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২৪