বাংলাদেশের গ্রামীণ জনপদের সকল শ্রেণিপেশার মানুষের স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারী হ্যাল্থ ইনিসিয়েটিভ (বি.আর.পি.এইচ.আই)-এর গ্রাম জিপি ক্লিনিক।
যার ধারাবাহিকতায় রবিবার সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের উদ্যোগে এবং গ্রাম জিপি-এর আয়োজনে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বন্যার্তদের চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।
জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের মাধ্যমে বন্যার্ত দুই শতাধিক পরিবার চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ফ্রি চেকআপ এবং ঔষধ, স্যালাইন বিতরণ করেন গ্রাম জিপির ম্যানেজিং ডিরেক্টর আহমেদ রেজাউল করিম জুবায়ের। এ কার্যক্রমে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ ইসহাক, গ্রাম জিপির কো-অর্ডিনেটর জুবেল আহমেদ, শারমিন ফারহা, গ্রাম জিপি ক্লিনিক ম্যানেজারসহ স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
চিকিৎসক হিসেবে রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন ডা. ফয়সল আহমেদ, ডা. রেজাউল করিম ও ডা. দেওয়ান মোহাম্মদ।
বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ পেয়ে বানভাসী লোকজন খুশী হয়েছেন। কঠিন এই দূর্যোগময় মূহুর্তে মহতী উদ্যোগের জন্য পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমিন, গ্রামজিপি-এর চেয়ারম্যান ডা. আব্দুল ওদুদ কামালী, সিলেট ডিভিশন এর ডাইরেক্টর হাফিজুর রহমান হাফিজ লাকুসহ চ্যারেটি সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩




