সিলেট মহানগরের চৌকিদেখি এলাকার রাস্তায় কোরবানীর পশুর হাট বসানোর পয়তারা করছে একটি চক্র। এতে স্থানীয়রা আপত্তি জানিয়ে সিসিক মেয়র ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তবে সিসিক বলেছে- জেলা প্রশাসন অনুমোদন দিলেও দেখে শুনে পশুর হাট বসানো হবে। রাস্তায় কোনো পশুর হাট বসানো হবে না বলে জানিয়েছেন সিসিক মেয়র।

 


সোমবার (৪ জুলাই) সিসিকের ৬নং ওয়ার্ডের সচেতন নাগরিকদের পক্ষে এ আবেদন করেন আবদুল হক, আলতা আলী, শাকিব আহমেদ, শামীম আহমদ, দারা মিয়া ও ছমির আহমদ।

 

জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট জেলা প্রশাসন সিলেট মহানগরে ৬ টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দেয়। সে হিসেবে মহানগরের চৌকিদেখি সংলগ্ন পয়েন্টে একটি পশুর হাট বসানো হবে। সে লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন টেন্ডার আহ্বান করলে স্থানীয়রা এতে আপত্তি জানিয়ে অভিযোগ করে বলেন- চৌকিদেখি এলাকায় কোনো পয়েন্ট বা মাঠ নেই। এখানে পয়েন্ট দেখিয়ে সড়কে হাট বসানোর পায়তারা চলছে। ইতিমধ্যে জনসাধারণের কথা চিন্তা করে সরকারের তরফ থেকে রাস্তায় পশুর হাট না বসানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবুও একটি চক্র জনগুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কে অস্থায়ী পশুর হাট বসানোর পায়তারা করে যাচ্ছে।

 

জনস্বার্থে ও জননিরাপত্তার কথা চিন্তা করে চৌকিদেখি পয়েন্ট নামক স্থান থেকে পশুর হাটের ইজারা বাতিল করে সর্বসাধারণের সুবিধার্থে কার্যকর পদক্ষেপ নিতে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন অভিযোগকারী সচেতন নাগরিকেরা।

 

স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সিলেটভিউ-কে বলেন, চৌকিদেখি নামক পয়েন্ট আমার এলাকায় নাই। এখানে কোনো মাঠও নেই। কিন্তু কোথায় পশুর হাট বসানো হবে জানি না। আমি এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো।

 

এক প্রশ্নের জবাবে কাউন্সিলর শামীম বলেন, ‘এয়ারপোর্ট সড়ক ভিআইপি। কিছুদিন আগে প্রায় ২ কোটি টাকার বেশি অর্থব্যয় করে রাস্তাপ্রসস্থকরণ করা হয়েছে। আমরা চাই না জনভোগান্তি সৃষ্টি হোক বা রাস্তা ক্ষতিগ্রস্ত হোক। ইতিমধ্যে আমার ওয়ার্ডের সচেতন নাগরিকেরা সড়কে পশুর হাট না বসানোর জন্য সংশ্লিষ্টদের কাছে দরখাস্ত করেছেন। আমি তাদের সঙ্গে একমত হয়ে বলতে চাই সড়কে কোনো ধরনের পশুর হাট বসাতে দেয়া হবে না।

 

এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটভিউ-কে বলেন- আমরা চৌকিদেখিতে পশুর হাট বসানো নিয়ে এলাকাবাসীর আবেদন পেয়েছি। তাদের আবেদন মূল্যায়ন করা হবে।তিনি বলেন- কোনো অবস্থাতেই সড়কে পশুর হাট বসাতে দেবে না সিটি কর্পোরেশন। 

 

সিলেটভিউ২৪ডটকম/জেপি-১০