সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় মূল সড়কের সাথে লাগোয়া ড্রেন সংস্কারের কাজ করছে সিটি করপোরেশন (সিসিক)। কিন্তু সংস্কারকাজ গতিশীল না হওয়ায় কয়েকদিন ধরে ড্রেন অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ইতিমধ্যে অরক্ষিত ড্রেনে ঘটেছে দুর্ঘটনা। স্থানীয়রা এই ‘মরণফাঁদ’ থেকে দ্রুত পরিত্রাণের দাবি জানিয়েছেন।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় অরক্ষিত ড্রেন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। অরক্ষিত ড্রেনে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ২০২০ সালের ৭ ডিসেম্বরে নগরীর আম্বরখানা এলাকায় অরক্ষিত ড্রেনে পড়ে প্রবীণ সাহিত্যিক আবদুল বাসিত মোহাম্মদ গুরুতর আহত হন। পরে ১০ ডিসেম্বর হাসপাতালে মারা যান তিনি।


এ ছাড়াও আরো ছোটখাটো অনেক দুর্ঘটনা ঘটেছে সিসিকের অরক্ষিত ড্রেনে। কিন্তু তারপরও কর্তৃপক্ষ সতর্ক ও সচেতন হচ্ছে না বলে অভিযোগ ওঠেছে।

স্থানীয়রা জানান, নগরীর শিবগঞ্জ সোনারপাড়া মূল সড়কের লাগোয়া (শাহীন স্কুলের পাশে) একটি ড্রেন সংস্কারে প্রায় এক সপ্তাহ আগে কাজ শুরু করে সিসিকের লোকজন। কিন্তু সেটির কাজ শেষ করা হয়নি। ফলে ড্রেন এখন অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ওই এলাকার বাসিন্দা কাওছার আহমদ জানান, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ড্রেনেও ওপর লোহার পাটাতন ফেলে রাখা হয়েছিল। মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পাটাতন থেকে পিছলে সেটি ড্রেনে পড়ে যায়। তিনি লাফ দিয়ে আত্মরক্ষা করেন। তবে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সিলেটভিউকে বলেন, তিনি অরক্ষিত ড্রেনের বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে