সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যার তীব্রতায় সিলেট-মৌলভিবাজার আঞ্চলিক মহাসড়কের ফেঞ্চুগঞ্জ ইলাশপুর সড়কের কিছু অংশ বিপদজনকভাবে ভেঙ্গে চরম দুর্ভোগ শুরু হয়।

 


গত কয়েকদিন থেকে ভাঙ্গন বেশি হওয়ায় বড় বড় ট্রাক আটকে গিয়ে দীর্ঘ যানযট সৃষ্টি করে।ভোগান্তি পড়েন হাজারো মানুষ।

 

বুধবার ও বৃহস্পতিবার মাত্রাতিরিক্ত যানযটে নাকাল ছিলেন যাত্রী সাধারণ।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে একটি বড় ট্রাক উলটে পড়ে গেলে সীমাহীন দুর্ভোগ পোহান হাজারো যানবাহন। সর্বশেষ (আজ) শুক্রবার সকালে স্থানীয় সাংসদ হাবিবুর রহমান হাবিবের প্রচেষ্টায় সিলেট সড়ক ও জনপথ বিভাগের লোকজন ক্ষতিগ্রস্ত সড়কে ব্লক ও ইট ফেলে মেরামতের চেষ্টা চালান। কিন্তু বন্যার পানির স্রোতের তীব্রতায় ব্লকগুলোও সরে যাচ্ছিল।

 

শেষে স্থানীয় চেয়ারম্যান আহমেদ জিলু ও অন্যান্য লোকজনের সহযোগীতায় সড়কের স্রোত নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। সড়কের বিপরীত পাশে মাটির বস্তার প্রতিরোধ গড়ে স্রোতে গতি নিয়ন্ত্রণ করে আবারো ব্লক ফেলে সড়কটি প্রাথমিক ভাবে ছোট মাঝারি গাড়ির জন্য সচল করা হয়।

 

শুক্রবার সন্ধ্যার কিছু আগে এখান দিয়ে প্রাইভেট কার, লেগুনা, এম্বুল্যান্স চলাচল করতে দেখা যায়।

 

স্থানীয়রা জানান, সড়কটি অস্থায়ী মেরামত হয়েছে। ট্রাকের মত বড় গাড়ি, বড় বাস চললে আবারো সড়কটি আগের মত হয়ে যাবে।

 

উলটে যাওয়া ট্রাকটি দ্রুত উদ্ধার করে এখান থেকে সরিয়ে নিতে অনুরোধ জানান তারা।

 


সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-১৭