পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বন্যার্ত ৫ শতাধিক পরিবারের মাঝে ইউকে বাংলা হিউমানিটারিয়ান ট্রাস্টের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 


শুক্রবার (৮ জুলাই) সকালে ইউনিয়নের শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ও শেখপাড়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন ও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, সরকারের পাশাপাশি প্রবাসীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। তবে পর পর দুবারের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকে বন্যার্তদের সাহায্যে আরো ব্যাপক হারে এগিয়ে আসতে হবে।

 

তিনি আরো বলেন, বন্যার্তদের সহযোগীতা করতে সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে তাদেরকে পুনর্বাসন করার কার্যক্রম শুরু করেছে সরকার।

 

ইউকে বাংলা হিউমানিটারিয়ান ট্রাস্টের চেয়ারম্যান আফাজ মিয়ার সভাপতিত্বে ও জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি শাহ মো. দিলওয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।

 

এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৯