বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ শতাধিক বন্যা দুর্গতদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার (৯ জুলাই) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন বিওপি বিছনাকান্দি, সোনারহাট, সংগ্রাম ও তামাবিল বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বন্যাকবলিত এলাকা উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন,পশ্চিম জাফলং ইউনিয়ন, পূর্ব জাফলং ইউনিয়ন ও নন্দীরগাঁও ইউনিয়নের ৩ শতাধিক পরিবারে উক্ত ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বিজিবির সরাইল সদর দপ্তরের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম কর্তৃক বন্যার্ত ৩০০টি পরিবারের মধ্যে উক্ত ঈদ উপহার বিতরণ করা হয়।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম বলেন, সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নানা কার্যক্রমের মাধ্যমে বন্যার্ত মানুষের পাশে বিজিবি দাঁড়িয়েছিল। বিশেষ করে সীমান্ত এলাকায় বন্যার্তদের উদ্ধার, বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার ও ত্রাণ বিতরণে বিজবি সক্রিয়ভাবে অংশগ্রহন করে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এমএএম/আরআই-কে




