উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিকেলে রিকাবীবাজারে অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা উৎসব।
সিলেট হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের পদচারণায় উৎসবমুখর ভাবে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। শনিবার বিকেল ৫টার দিকে শহরের বিভিন্ন মন্দির থেকে এ উল্টো রথযাত্রা বের হয় যা গিয়ে শেষ হয় শহরের রিকাবীবাজার পয়েন্টে। সেখানে শহরের বিভিন্ন মন্দিরের রথ এক জাগায় জড়ো হয় এবং পুজা, অর্চনা, আরাধনা, অগ্নিহোত্র যজ্ঞ, আরতি, কীর্তন করা হয়।
জানা যায়, প্রায় ২০০ শত বছর আগে ভারতের মনিপুরী রাজ্য থেকে সিলেটে এসে মনিপুরীরা বসতি স্থাপন করে। তখনকার মহারাজ গাম্ভীর সিং এই রথযাত্রা মহা উৎসব প্রথমে রিকাবীবাজারে মহা ধুমধামের মাধ্যমে রথযাত্রা উৎসব প্রচলন করেন। এরই ধারাবাহিকতায় আজ পর্যন্ত সিলেট অঞ্চলে অবস্থিত ১৩ টি পাড়ায় রথযাত্রা উৎসব পালন করে যাচ্ছে।
গত ০১ জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়। গত দুই বছর করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে ঐতিহাসিক রথ শোভাযাত্রাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছিল। এবার কোনো বিধি নিষেধ না থাকায় ব্যাপক আয়োজনে পুরনো রূপে ফিরেছে ঐতিহাসিক এ রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং সিলেটের বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এরমধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।
এই রথযাত্রা উৎসবে যোগদান করতে ভারতের মনিপুরী রাজ্য থেকে মহারাজ গাম্ভীর সিং এর উদ্যোগে রথযাত্রা মহা উৎসব পালন কিভাবে হচ্ছে তা দেখতে আসেন মতুয়া মিউজিয়ামের ডাইরেক্টর মতুয়া বাহাদুর এম. খগেন, এম. চাউবা।
সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সদস্য পঞ্চু সিংহ ও প্রশান্ত সিংহ অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করেন। উল্টোরথ মহা উৎসবে কীর্তন পরিচালনা করেন লামাবাজার মনিপুরী পাড়ার কীর্তনীয় দল।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির নৃপেন সিংহ, ড. দিলীপ কুমার দাস চৌধুরী, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রানাকুমার সিংহ, মিন্টু সিংহ, সমেন্দ্র সিংহ, শংকর সিংহ, ক্ষীর সিংহ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮




