হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ঈদের দিন বন্যার্তদের ভাত-মাংস খাওয়ালো চ্যারিটি সংগঠন ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’।
রবিবার (১০ জুলাই) দুপুরে বানিয়াচং আইডিয়েল কলেজ আশ্রয়কেন্দ্রে অন্তত ১০০ বন্যার্তদের জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়। খাবারের ম্যানু ছিল সাদা ভাত এবং খাসির মাংস।
কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টার ইনচার্জ শাহরিয়ার আহমেদের নির্দেশে ব্যতিক্রমী এ আয়োজন বাস্তবায়ন করেন হবিগঞ্জ শাখার প্রোঅর্গানিয়ার রাতুল কান্তি দাশ জন এবং দায়িত্বশীল মো. জসিম উদ্দিন।
ঈদের দিন ব্যতিক্রমী এমন আয়োজনে খুশি বানিয়াচং আইডিয়েল কলেজে আশ্রয় গ্রহণকারী অসহায় ও বন্যার্তরা। ভাত-মাংসের স্বাদ পেয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এর কর্মীদের জন্য দোয়া করেছেন তারা। প্রতি বছর ঈদে অসহায় ও ছিন্নমূলদের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন ব্যতিক্রমি বিভিন্ন আয়োজন করে থাকে। মূলত ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই এসব আয়োজন করে থাকে কোয়ান্টাম ফাউন্ডেশন।
কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের ইনচার্জ শাহরিয়ার আহমেদ বলেন, এবারের বন্যা পরিস্থিতিতে অসহায়রা অনেক কষ্টে আছেন। অনেকের বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের অনেকেই পবিত্র ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে পারছেন না। তাদের মুখে ঈদের দিন একটু ভালো খাবার তুলে দেয়ার জন্যই আমাদের এই উদ্যোগ।
উল্লেখ্য, বন্যার শুরু থেকেই সিলেট-সুনামগঞ্জের অসংখ্য পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করার পাশাপাশি নিজস্ব নৌকা দিয়ে বন্যায় পানিবন্দীদের উদ্ধার কার্যক্রমে সক্রিয় ছিল কোয়ান্টাম ফাউন্ডেশন। এছাড়াও সারাদেশে এতিম, অসহায়, সুবিবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের লালন পালনের পাশাপাশি ব্যক্তির শারীরিক, মানসিক, আর্থিক এবং আত্মীক উন্নয়নে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।
সিলেটভিউ২৪ডটকম/জেইউ/এসডি-১৮




