স্মরণকালের ভয়াবহ বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত উপজেলার মধ্যে গোয়াইনঘাট একটি। এ উপজেলার ১০ হাজার ৮১৪টি বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া এসব ঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ১০ হাজার টাকা করে উপজেলার ৬০০ টি পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভয়াল বন্যায় গোয়াইনঘাট উপজেলায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে ১২০ টি কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটিতে রয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মনোনীত একজন ট্যাগ অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যগন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনোনীত একজন পুলিশ কর্মকর্তা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। ওই কমিটির সদস্যরা উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে প্রাথমিক ভাবে বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছেন।
বন্যায় প্রাথমিক ক্ষতিগ্রস্তদের তালিকায় রুস্তুমপুর ইউনিয়নে ১৭৭৩ টি, পশ্চিম জাফলং ইউনিয়নে ৬১৯টি, পূর্ব জাফলং ইউনিয়নে ৫৮৭টি, লেঙ্গুড়া ইউনিয়নে ৬৩৮টি, পূর্ব আলীরগাঁও ইউনিয়নে ৯১৩ টি, ফতেহপুর ইউনিয়নে ৬২২ টি, নন্দিরগাওঁ ইউনিয়নে ১৫৪১ টি, তোয়াকুল ইউনিয়নে ১৪৮০টি, ডৌবাড়ী ইউনিয়নে ৫৩৮ টি, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে ৮০২ টি এবং মধ্য জাফলং ইউনিয়নে ২৮৪ টি পরিবার রয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, ১০ হাজারের এই তালিকা মূলত প্রাথমিক তালিকা। এই তালিকা যাচাই-বাছাই এর কাজ চলছে। কোন পরিবারের কি ধরনের ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য বন্যায় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত মানুষদের চিহ্নিত করে তাদের পুনর্বাসন এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
সিলেটভিউ২৪ডটকম/এমএএম/জেপি




