সিলেটে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) থেকে সিলেটে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী ১৭ জুলাই থেকে এ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

 


বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

সিলেটের আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার সিলেটে বিকালে তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে ২০১৪ সালের ২৪ এপ্রিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো- যা সিলেটের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিলো। 

 

তিনি জানান, শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে। আর আগামী ১৭ জুলাই থেকে সিলেট শহরে ও ১৮ জুলাই থেকে বিভাগের বিভিন্ন জায়গা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের কোথাও বৃষ্টিপাত হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্র-বৃষ্টি সহ বিভিন্ন এলাকার অনেক জায়গায় মাঝারি ভারী বর্ষণ হতে পারে। 

 

এছাড়া সিলেটে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি।

 

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা দাঁড়ায় ৪৯ শতাংশে।

 

তিনি জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হচ্ছে। ফলে উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেপি