এই ৫ বাংলাদেশী কাউন্সিলরদের সংবর্ধনা দেয়া হবে- ফাইল ছবি
যুক্তরাজ্যের কার্ডিফে অনুষ্ঠিত নির্বাচনে ৫ বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ ৫ বাংলাদেশী কাউন্সিলরদের আগামীকাল রবিবার (১৭ জুলাই) সংবর্ধনা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফার্স্ট মিনিস্টার অব ওয়েলস মার্ক ড্রেইকফোর্ড।
রবিবার দুপুর ১ টায় বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্ডিফ’র চেয়ারম্যান মো. হান্নান ও সেক্রেটারি আসকর আলী।
কার্ডিফ কাউন্টি কাউন্সিলের নির্বাচিত ৫ বাংলাদেশী কাউন্সিলাররা হলেন-
কার্ডিফের ক্যাথেইজ ওয়ার্ডে সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দি ইউনিয়নের চান্দাই গ্রামে জন্মগ্রহণকারী কার্ডিফ কাউন্সিলের সাবেক ডেপুটি লড মেয়র আলহাজ্ব আলী আহমদ। তিনি লেবার পার্টি থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন।
কার্ডিফ নর্থ ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন কার্ডিফ কাউন্সিলের সাবেক ডেপুটি লড দিলওয়ার আলী। তিনি সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর ইউনিয়নের কামিনিকান্দি গ্রামে জন্মগ্রহণকারী।
এবারের নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত চমক দেখিয়েছেন এবং নতুন ইতিহাস সৃষ্টি করেছেন মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের আপন দুই বোন ড. বাবলিন জেসমিন চৌধুরী ও ড. বাবলিন মল্লিক।
বাবলিন মল্লিক লিবারেল ডেমোক্র্যাট থেকে কিনকয়েড ওয়ার্ডে পুনরায় জয়লাভ করেছেন।
তার বড় বোন জেসমিন চৌধুরী ক্যান্টন ওয়ার্ডে লেবার পার্টি থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।
অপরদিকে- মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের নিধির মহল গ্রামে জন্মগ্রহণকারী জিএসসির চেয়ারপার্সন সালেহ আহমদ হিলি ফেয়ার ওয়াটার ওয়ার্ডে লেবার পার্টি থেকে প্রথমবারের মত নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলার নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন।
উল্লেখ্য, বাবলিন মল্লিক ও জেসমিন চৌধুরীর পিতা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ফিরোজ আহমদ এর কন্যা।
সিলেটভিউ২৪/প্রেবি-এন/জেপি




