সিলেট মহানগর বিএনপির বৈঠকে বিভিন্ন ইস্যুতে হট্টগোল হয়েছে। একপর্যায়ে তোপের মুখে পড়েন নগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী। নগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর ভাতালিয়াস্ত বাসায় এ বৈঠক হয়।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে বর্ধিত সভায় বসে মহানগর বিএনপির আহবায়ক কমিটি। সভায় সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। তিনি ব্যক্তিগত স্বার্থে সংগঠনকে ব্যবহার করছেন এবং দলের চেয়ে নিজের প্রচারে বেশি অগ্রাধিকার দিচ্ছেন অভিযোগ ওঠে। এ ছাড়া তিনি নিজস্ব বলয় তৈরির চেষ্টা করে দলের বিভেদ সৃষ্টি করছেন বলেও অভিযোগ তুলেন কয়েকজন।


পরে মিফতাহ সিদ্দিকী অভিযোগের জবাব দিতে চাইলে বৈঠকে হট্টগোল শুরু হয়। পরে মহানগর বিএনপির আহবায়ক ও জ্যেষ্ঠ সদস্যদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।

এদিকে, নগর বিএনপির আওতাধীন ২৭টি ওয়ার্ডে কমিটি গঠন না হওয়ায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন একাধিক নেতা।

জানতে চাইলেন নগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী সিলেটভিউকে বলেন, ‘মিফতাহ সিদ্দিকীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের এক নেতা অভিযোগ দিয়েছেন। এ নিয়ে সামান্য কথাবার্তা হয়েছে। বড় কোনো ঝামেলা হয়নি।’

তিনি বলেন, ‘বৈঠকে মহানগর বিএনপির আওতাধীন সকল ওয়ার্ডে দ্রুত কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়েছে।’

সিলেটভিউ২৪ডটকম/ডিআর/আরআই-কে