আম্বরখানা এলাকা থেকে রাত ৯টায় ছবিগুলো তুলেছেন আহমেদ শাহীন
বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশের মতো সিলেটেও রাত ৮ টার পর দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ইতোমধ্যে নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছে সিলেট জেলা প্রশাসন। গেল ১৯ জুলাই এ নির্দেশনা বাস্তবায়নে ৩ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে সিলেট নগরের বিভিন্ন শপিং মল, মার্কেটে অভিযান পরিচালনা করেন স্থানীয় জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
প্রশাসনের তৎপরতায় বড় বড় মার্কেট বন্ধ হলেও নগরের ছোট ছোট মার্কেট ও দোকানপাট রাত ৮ টার পর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খোলা থেকে। কেউ কেউ দোকানের এক সাটার লাগিয়ে আবার কেউ কেউ দুই সাটার খুলে দিব্যি ব্যবসা করে যাচ্ছেন। দেশের অন্যান্য এলাকায় ভ্রাম্যমাণ আদালত রাত ৮ টার পর দোকান খোলা রাখার অপরাধে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও জরিমানা করলেও এখন পর্যন্ত সেটা লক্ষ্য করা যায়নি। তবে প্রথম দিকে কিছুটা ছাড় দেয়া হচ্ছে বলে- জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৮ টা থেকে পৌণে ৯ টা পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেক দোকানকোটা খোলা রয়েছে। তবে বেশিরভাগই দোকানকোটা এক সাটার লাগিয়ে অন্য সাটার দিয়ে ব্যবসা করছেন। আবার অনেকেই দুই সাটার খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ সাশ্রয় করতে রাত ৮ টার পর সিলেট নগরীর দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধে কাজ করছে একাধিক টিম। গেল ১৯ জুলাই স্বয়ং জেলা প্রশাসক ৩ জন ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালান। এরপর দিন আরও ৩ জন ম্যাজিস্ট্রেট অভিযান চালান। এসময় তারা বিভিন্ন মার্কেট বন্ধ করার নির্দেশ দিলে এবং ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে স্ব-প্রনোদিত হয়ে দোকানপাট বন্ধ করছেন। তবে আজ ২ জন ম্যাজিস্ট্রেট অভিযানে গেছেন। দেশের অন্যান্য জায়গায় জরিমানা ও বিদ্যুৎবিচ্ছিন্নের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সিলেটে সেটা লক্ষ্য করা যায়নি। প্রথম দিকে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে না। তবে কেউ সরকারের নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে মাঠে রয়েছে জেলা প্রশাসন, সিলেট উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত বলেন, আমরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছি। নিয়মিত আমাদের ম্যাজিস্ট্রেট অভিযান চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা কাউকে জরিমানা করছি না। তবে তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে মাইকিং করছি। ব্যবসায়ীরা মানছেন। তবে কেউ অমান্য করলে আমরা ব্যবস্থা নেব।
.jpg)
তিনি সরকারের নির্দেশনা মানতে সকলকে অনুরোধ জানিয়ে বলেন, আমাদের সবাইকে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হতে হবে। এজন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।




