যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ চাঁনের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছেন। দলটির নেতাকর্মীসহ অনেকে তার বাসায় গিয়ে খোঁজখবর নেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
গত ১৭ জুলাই মিশিগান বাংলা প্রেস ক্লাবের অনুষ্ঠানে সরকারবিরোধী বক্তব্যে রাখেন জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী। এর প্রতিবাদ করলে তার সঙ্গে অশোভন আচরণ করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় মুশফিকুল আনসারীর বক্তব্যের প্রতিবাদ করেন জাসদ ছাত্রলীগের সাবেক নেতা আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান। এ কারণে তার দিকেও তেড়ে যান বিএনপি নেতাকর্মীরা।
এ ঘটনায় পরদিন (১৮ জুলাই) বিএনপির দুই নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে পুলিশে রিপোর্ট করেন আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ। তিনি সিলেটভিউকে জানান, দুজনের নাম ঠিকানা জানি। এজন্য অভিযোগপত্রে দুজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ তদন্তে অন্যদের নাম পরিচয় বের করবে।
মিশিগান মহানগর আওয়ামী লীগ সেক্রেটারি মোহাম্মদ মোতালিব জানান, মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমদ চাঁন এর সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ দেশ ও সরকারবিরোধী বক্তব্যের দাঁত ভাঙা জবাব দিতে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আগামী রোববার বিকেল ৭ টায় হ্যামট্রামিক শহরের কাবাব হাউজে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সার্বিকতত্ত্বাবধানে মিশিগান মহানগর এবং স্টেট আওয়ামী লীগ এ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। সমাবেশের সার্বিক সহযোগিতায় থাকছে মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
সমাবেশে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




