সিলেট নগরের একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সংসদ আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে নগরের জল্লারপাড়স্থ হোটেল গ্র্যাণ্ড প্যালেসে অভিযান চালিয়ে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
জানা গেছে, জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যাণ্ড প্যালেসে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরাও হোটেলটির নিচে অবস্থান নেন।
অভিযান শেষে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, সিলেট ভ্রমণের কথা বলে আটককৃতরা মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন।
অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিলো এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লোকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরবর্তিতে পুরো হোটেলে তল্লাশী চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ




