ভয়াল বন্যায় সুনামগঞ্জের ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের ত্রাণ তহবিলে নগদ ১০ লাখ টাকা প্রদান করেছেন জেলার তিন ব্যবসায়ী। সোমবার (২৫ জুলাই) সকালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে এ টাকা হস্তান্তর করেন তারা।
সরকারের তহবিলে অর্থপ্রদানকারী এ তিন ব্যবসায়ী হলেন- দৈনিক সুনামকণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি জিয়াউল হক, মেসার্স হক নিলম ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ এবং মেসার্স আজাদের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আজাদ হোসেন।
বানভাসিদের সহায়তায় এগিয়ে আসায় এ তিন ব্যবসায়ীকে সাধুবাদ জানান জেলা প্রশাসক।
অনুদানের বিষয়ে ব্যবসায়ী জিয়াউল হক বলেন, সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের মানুষের ক্ষতি হয়েছে। অনেকের ঘরবাড়ি ভেঙ্গে গেছে। বন্যার প্রথম দিন থেকে বানভাসিদের সহায়তা সাধ্যমত কাজ করেছি আমরা। ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রের খাবার পৌঁছানোসহ বিভিন্নভাবে বন্যার্তদের পাশে ছিলাম। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত বা পুনর্বাসনে সরকারের ত্রাণ তহবিলে এ টাকা প্রদান করা। আশা করবো সামর্থ্যবানরা এগিয়ে আসবেন। তাহলেই ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে পারবে।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনূর/জেপি




