সুনামগঞ্জের তাহিরপুরে নিজ বাড়ী থেকে বের হয়ে রবিনুর নামে ১১ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৫ জুলাই সকাল ৬ টার দিকে নিখোঁজ হলে সোমবার ২৫ (জুলাই) দুপুর সাড়ে তিনটা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। 

 


গত শনিবার ২৩ (জুলাই) দুপুরে নিখোঁজ শিশুর পিতা মো. শহিদ মিয়া তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের বাসিন্দা। 

 

নিখোঁজ শিশুর পিতা শহিদ মিয়া বলেন, গত ১৫ জুলাই সকাল ৬ টার দিকে বাড়ীর কাউকে কিছু না বলে রবিনুর বের হয়ে যায়। অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়ীতে ফেরেনি। পরে আত্মীয় -স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

 

তিনি জানান, বাড়ী থেকে বের হওয়ার সময় রবিনুরের পরনে লাল সাদা চেকের সার্ট ছিল। তার গায়ের রং কালো, মুখের হঠন গোলাকৃতি, উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ তরফদার বলেন, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। জিডি হওয়ার পর দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজের বিষয়টি  আমরা তদন্ত শুরু করেছি এবং খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। 

 

কেউ শিশু রবিনুরের সন্ধান পেয়ে থাকলে তাহিরপুর থানা অথবা নিখোঁজ শিশুর পিতা শহিদ মিয়ার (০১৭৮৯ ৫১৮৮৬০) নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/জেপি