খুন হওয়া বুলবুল- ফাইল ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। ৫ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুলবুল নিহতের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে সেটা জেনে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তখন হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।’
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, ‘আমাদের ভিসি মহোদয় মৌখিকভাবে বলেছেন এ ঘটনার কারণ উৎঘাটন করতে। আমরা মৌখিক অনুমতি পেয়ে কাজ শুরু করে দিয়েছি। যতোই দ্রুত সম্ভব আমরা তদন্ত প্রতিবেদন জমা দেব।’
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শাহরপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম, সহকারী প্রক্টর আবু হেনা পহিল।
জানা যায়, গতকাল সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজিকালুর টিলার পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুলবুল আহমেদ (২২) নামের এক শিক্ষার্থী খুন হয়েছেন। তিনি নরসিংদী জেলার বাসিন্দা ও শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩ বহিরাগতকে আটক করেছে।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/জেপি




