শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুলবুল আহমদকে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ঘটনার পর বুলবুলের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে শাবি প্রশাসন। আর্থিক সহায়তা হিসেবে তার পরিবারকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন শাবি ভিসি।
এদিকে, এ সহায়তা 'যথেষ্ট নয়' উল্লেখ করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৭ জুলাই) বিকাল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের দুশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম আকাশ বলেন, আমাদের গতকালকের চারদফা দাবির দ্বিতীয় দাবিটি ছিল বুলবুল হত্যার ক্ষতিপূরণ সম্পর্কে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বুলবুল হত্যার ক্ষতিপূরণ হিসেবে বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন। এই অর্থ অতি নগন্য। আমরা চাই ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে এককালীন ৫০ লক্ষ টাকা দিতে হবে এবং প্রতিমাসে ৫০ হাজার টাকা করে দিতে হবে। এজন্যই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।
এদিকে শিক্ষার্থী বুলবুল খুন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে বলে বুধবার দুপুরে প্রেসব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তারা খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গত সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজী-কালুর টিলার পাশে (নিউজিল্যান্ড এলাকায়) ছুরিকাঘাত করা হয় শাবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে (২২)। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুলবুলের বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি শাবির শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।
এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। আর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/মাহি




