মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন লিটন আহমেদ। তিনি টিউবওয়েল প্রতীকে ৩৩০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) রাতে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি লিটন আহমেদক বিজয়ী বলে ঘোষণা করেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থী হলেন- শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেসব বারই, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক পরিমল দাশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক লিটন আহমেদ।
তাদের মধ্যে ৩৩০ ভোট বেশি পেয়ে শ্রীমঙ্গল উপজেলার নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লিটন আহমেদ। তিনি ১২ হাজার ৪৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেসব বরাই তালা প্রতীক নিয়ে ১২ হাজার ১৩৮ ভোট পেয়েছেন। আর বাল্ব প্রতীক নিয়ে অপর প্রতিদ্বন্ধী পরিমল দাশ ৭ হাজার ২৫৩ ভোট পেয়েছেন।
এরআগে ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে হাজী মো. লিটন আহমেদ ও পরিমল দাশ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বিদ্বতা করে পরাজিত হয়েছিলেন। আর কেশব বারই এবারই প্রথম উপ- নির্বাচনে অংশ নিয়েছেন।
বুধবার (২৭ জুলাই) সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮০ টি ভোটকেন্দ্রে মোট ৫৭৯ টি বুথে ইভিএমে ভোটগ্রহন সম্পন্ন হয়। তবে নির্বাচনে সাধারণ ভোটারদের ভোট প্রয়োগে তেমন আগ্রহ ছিল না।
উল্লেখ্য, ২০২১ সালের ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদ শূন্য হয়। শূন্য পদে উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে প্রেমসাগর হাজরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায়ের কাছে পরাজিত হন। তখন থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। শূন্য এই পদে বুধবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/এসআই/এসডি-৩২/জেপি




