সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ন্যাক্কার জনক ঘটনাটি ঘটেছে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামে। অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারীর নাম নবীনুর (৩৮)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের আলী আকবরের ছেলে। বর্তমানে সে ভাড়া বাসা নিয়ে কামড়াবন্ধ গ্রামে বসবাস করছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ভিকটিম এ বিষয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কামড়াবন্ধ গ্রামে তিন সন্তানের জননীর ছোট একটি মুদি মালের দোকান রয়েছে। অপরদিকে একই গ্রামে অভিযুক্ত নবীনুরের বাসার মধ্যেও একটি মুদি মালের দোকান রয়েছে। ঘটনার আগের দিন নবীনুর তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। তার স্ত্রী আর দোকানদারী করবেনা বলে ভিকটিমকে দোকানের মালামাল কম মূল্যে কিনে নেওয়ার জন্য অনুরোধ করে। অনুরোধ করার পর গত ২১ জুলাই সকাল ৯ টার দিকে দোকানের মালামাল নেওয়ার জন্য ভিকটিমকে তার ঘরে কৌশলে নিয়ে আসে নবীনুর। ঘরে আসা মাত্রই দরজা বন্ধ করে তাকে পিছন দিক দিয়ে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ভিকটিম নবীনুরের হাতে কামড় দিয়ে তার কবল থেকে বাহিরে এসে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে কৌশলে পালিয়ে যায় সে। এঘটনায় এলাকায় চাঞল্য সৃষ্টি হয়েছে।
তিন সন্তানের জননী বলেন, দোকানের মালামাল বিক্রি করার কথা বলে তার ঘরে নিয়ে ঝাপটে ধরে আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বখাটে নবীনুর। ঘটনাটি এলাকার এক শ্রেনী লোক ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং আমি যাতে আইনের আশ্রয় না নেই তার জন্য হুমকি ধামকি দিচ্ছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি আমি।
স্থানীয় ওয়ার্ড সদস্য আলী আহমদ বলেন, ভুক্তভোগী নারী এ ঘটনাটি তাকে জানিয়েছেন। জানার পর সরজমিনে গিয়ে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনাটি সত্য বলে মনে হয়েছে।
অভিযুক্ত নবীনুরের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তাহিরপুর থানার ওসি তদন্ত মো. সুহেল আহমদ বলেন, বৃহস্পতিবার দুপুরে এক নারী বাদী হয়ে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্তর বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/নাজাত-০২




