গুচ্ছের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তিপরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯৪ দশমিক ৫৪ শতাংশ। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু ছিল।

 


শনিবার (৩০ জুলাই) দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। শাবির সাতটি ভবন, ইউনিভার্সিটি স্কুল, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

ভর্তিপরীক্ষা কমিটির শাবি কেন্দ্রের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল বলেন, শাবি কেন্দ্রে গুচ্ছের 'এ' ইউনিটে ৫ হাজার ৫২৯ জন আবেদনকারী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ২২৭ জন। যা মোট পরীক্ষার্থীর ৯৪ দশমিক ৫৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়নি ৩০২ আবেদনকারী।

এছাড়া তিনি জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরেণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

 

এদিকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু ছিল ছিল বলে জানান পরিবহন প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী । তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষার্থী-অভিভাবকদের যাতায়াতে সুবিধার্থে বিশ্ববিদ্যালয় থেকে ২০টি বাস দেওয়া হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে বাসগুলো শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসে। পরীক্ষা শেষে বাসগুলো শিক্ষার্থীদের নিজেদের গন্তব্যে পৌঁছে দিয়েছে।

 

এছাড়াও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষা নিয়ন্ত্রণ কাজে পরিবহন সুবিধার্থে বিভিন্ন ধরণের যানবাহন সুবিধা দেওয়া হয়েছে।

 

এদিকে আগামী ১৩ আগস্ট গুচ্ছ ভর্তি পরীক্ষায় কলা অনুষদ 'বি' ইউনিটে শাবিতে অংশ নেবেন ২ হাজার ২৩১ শিক্ষার্থী। এছাড়া আগামী ২০ আগস্ট বাণিজ্য অনুষদ 'সি' ইউনিটে অংশ ৮৩০ শিক্ষার্থী অংশ নেবে বলে জানা গেছে।

 

সিলেটভিউ২৪ডটকম/এনএম/এসডি-০৪