শোকের মাস আগস্টকে ঘিরে নানা কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ। রোববার (৩১ জুলাই) দলটির দপ্তর সম্পাদক পিংকু ধর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি জানানো হয়।

 


১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

শোকাবহ আগস্ট মাসে গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে: ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে  দোয়া মাহফিল ও শিরনী বিতরণ।

৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ। 

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সূর্যোদয়ক্ষণে সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নগরীর লালাদিঘীরপারস্হ অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

সকাল এগার ঘটিকায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

বাদ জোহর লালাদিঘীরপারস্হ জামেয়া ইসলামিয়া দারুল আরকাম মাদ্রাসায় খতমে কোরআন, দোয়া মাহফিল এবং খাবার বিতরণ।

 

১৬ আগস্ট সকাল এগার ঘটিকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্হিতিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোক মিছিল ।

১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে সকাল এগার ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন। 

১৮ আগস্ট বিকাল তিন ঘটিকার সময় জেলা পরিষদ মিলয়ানায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্হিতিতে শোক সভা।

২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে বিকেল ০৫.২১ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক শিখা প্রজ্বলন।

 

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী  সংগঠনের উপজেলা, পৌর/ইউনিয়ন এবং ওয়ার্ড শাখা কর্তৃক অনুরূপ কর্মসূচি গ্রহণ ও যথাযোগ্য মর্যাদায় তা পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-২১